ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের শ্রদ্ধা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি – সরকার ঘোষিত প্রথমবারের মতো পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে এই ঐতিহাসিক আন্দোলনের শহীদদের।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা।
অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় দিবসটি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়েও সরকারি ও বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন, গণসংগীত পরিবেশন ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































